ইরানকে নতুন লিখিত প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন লিখিত প্রস্তাব বিনিময় চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা বা আনুষ্ঠানিক জবাব আসেনি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের কাছে একটি নতুন লিখিত প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরাসরি কোনো যোগাযোগ না থাকায় এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

বৃহস্পতিবার ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পরমাণু সমঝোতা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দু’পক্ষের মধ্যকার এই গোপন চিঠি চালাচালি এখন আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, মাত্র তিন দিন আগে ইরান নিজেদের পক্ষ থেকে ১৪ দফার একটি লিখিত প্রস্তাব পাঠিয়েছিল। তার ঠিক পর পরই মার্কিন যুক্তরাষ্ট্র আবারো পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের কাছে এই নতুন লিখিত বার্তা পাঠালো।

মূলত ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের আগের প্রস্তাবের জবাবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্রটি আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পাঠানো এই নতুন বার্তাটি ইরান এখন বেশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তবে তেহরানের পক্ষ থেকে এখনো এর কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি। এদিকে তেহরানে অবস্থানরত পাকিস্তানি মধ্যস্থতাকারী দু’দেশের এই অবস্থান ও বার্তাগুলোর মধ্যকার দূরত্ব কমিয়ে এনে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অবশ্য সংশ্লিষ্ট ওই সূত্রটি পরিষ্কার করে জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত রূপ নেয়নি।