ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আসলে একটি আত্মসমর্পণের মঞ্চে পরিণত করতে চান।
তিনি মনে করেন, ট্রাম্প তার সুবিধামতো এই পরিস্থিতির সুযোগ নিয়ে হয় ইরানকে নতজানু করতে চাইছেন, নয়তো নতুন করে সংঘাত শুরুর একটি অজুহাত খুঁজছেন।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি কালিবফের এই বক্তব্যের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে।
স্পিকার গালিবাফ পরিষ্কার করে জানিয়েছেন, কোনো ধরনের হুমকির ছায়ার নিচে বসে ইরান আলোচনায় বসতে রাজি নয়। তিনি উল্লেখ করেন, গত দু’সপ্তাহ ধরে তারা রণক্ষেত্রে নতুন কিছু চাল বা কৌশল দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইল তথা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর যে লড়াই ইরানের বিরুদ্ধে চলছে, সেখানে ইরান নিজেদের শক্ত অবস্থান জানান দিতে পুরোপুরি প্রস্তুত।
গালিবাফের মতে, ট্রাম্পের এই অবরোধের রাজনীতি আসলে আলোচনার পরিবেশ নষ্ট করার একটি কৌশল মাত্র। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে চাপের মুখে রেখে কোনো কিছু আদায় করা যাবে না। বরং বর্তমান পরিস্থিতির মোকাবিলায় তারা যুদ্ধের ময়দানে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতেই বেশি মনোযোগী। পরিস্থিতির দাবি অনুযায়ী, ইরান যেকোনো সময় কড়া জবাব দেওয়ার সক্ষমতা রাখে বলেও তিনি তার বার্তায় ইঙ্গিত দিয়েছেন।


