যাত্রীবাহী নৌকায় মার্কিন বাহিনীর গুলিবর্ষণ, নিহত ৫

ওমানের খাসাব উপকূলের কাছে যাত্রীবাহী নৌকায় মার্কিন বাহিনীর গুলিতে ৫ জন বেসামরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তাসনিম নিউজ অ্যাজেন্সি; ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মাঝসমুদ্রে সাধারণ যাত্রীবাহী দু’টি ছোট নৌকায় মার্কিন বাহিনীর গুলিবর্ষণে অন্তত পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ অ্যাজেন্সি ইরানি সামরিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ভোলে এই তথ্য জানা গেছে।

তাসনিম নিউজ জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে ইরানের উপকূলের দিকে আসার পথে সাধারণ মানুষ বোঝাই দু’টি ছোট নৌকাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী অতর্কিতে হামলা চালায়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ছয়টি স্পিডবোট লক্ষ্য করে অভিযান চালিয়েছে। কিন্তু পরে তদন্তে দেখা যায়, আইআরজিসির কোনো যুদ্ধজাহাজ বা বোট আক্রান্ত হয়নি, বরং মার্কিন বাহিনীর গুলিতে সাধারণ যাত্রীরা প্রাণ হারিয়েছেন।

ইরানি সামরিক সূত্রটি এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের একটি ‘নির্লজ্জ অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, দুশমনের কাছে আইআরজিসির স্পিডবোট ভয় এবং দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। সে কারণে মার্কিন সেনারা এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে। তাদের এই আতঙ্কিত পদক্ষেপের কারণে নিরীহ মানুষের প্রাণ যাওয়ায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

আন্তর্জাতিক পানিসীমায় সাধারণ মানুষের যাতায়াতের নৌকায় এমন মার্কিন হামলা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।