হরমুজ প্রণালীতে মার্কিন অভিযান স্থগিত

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ইরানের সাথে সম্ভাব্য সমঝোতার কারণে সাময়িকভাবে স্থগিত। অন্যদিকে ইরান এটিকে নিজেদের কৌশলগত বিজয় হিসেবে দেখছে, যদিও অবরোধ বহাল রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |সংগৃহীত

হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে শুরু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের বিশেষ অভিযানটি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, আগামী কয়েকদিন এই অভিযান বন্ধ থাকবে।

ট্রাম্পের দাবি, ইরানের সাথে বড় ধরনের কোনো সমঝোতার পথ তৈরি হওয়ায় দু’পক্ষের ‘পারস্পরিক সম্মতিতে’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলো একে অন্যভাবে দেখছে। তাদের মতে, বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পানিপথ খুলে দিতে বারবার ব্যর্থ হয়ে পিছু হটেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা মূলত ইরানেরই বিজয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে চালানো মার্কিন-ইসরাইলি যৌথ সামরিক হামলা ‘অপারেশন এপিক ফিউরি’র প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে অনুরোধ করায় তিনি এই ছাড় দিচ্ছেন। তবে অভিযান স্থগিত হলেও ইরানি বন্দরগুলোর ওপর দেয়া অবরোধ আগের মতোই শক্তভাবে বজায় থাকবে।

সূত্র বিবিসি