ক্ষেপণাস্ত্র থাকবে ইরানের হাতেই : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয়, কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছেও একই ধরনের অস্ত্র রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ বহাল রাখার সিদ্ধান্তের পক্ষে জোরাল সাফাই গেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বাইরে থাকা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে পারস্য উপসাগরীয় মিত্রদের সাথে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-এ জি-সেভেন শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বুধবার প্রকাশিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) পক্ষে কথা বলেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটিয়েছে। তবে এই চুক্তিটি স্থায়ী নাও হতে পারে এমন ইঙ্গিত দিলেও ট্রাম্প উল্লেখ করেন, জি-সেভেনের অন্য সদস্যরাও যুদ্ধাবসানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

তার মতে, এই সঙ্ঘাতের ইতি টানার এটাই উপযুক্ত সময় ছিল।

ইসরাইলের জন্য বড় উদ্বেগের কারণ হওয়া সত্ত্বেও ইরানকে ক্ষেপণাস্ত্র রাখা থেকে নিষিদ্ধ করা কেন অসম্ভব ছিল, সেই যুক্তিও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরাইল ও সৌদি আরবের মতো ইরানের প্রতিদ্বন্দ্বীদের কাছে যখন ক্ষেপণাস্ত্র রয়েছে, তখন ইরানের কাছেও তা থাকা দরকার।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র থাকতেই হবে, কারণ অন্যদের কাছেও তা আছে।’

নিজের নাম না জানা উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু মানুষ আমাকে বলছিল আমি যেন ইরানকে কোনো ক্ষেপণাস্ত্রই রাখতে না দেই। আমি তাদের বললাম, এটা কিভাবে হয়? আমি সৌদি আরবকে ক্ষেপণাস্ত্র রাখতে দেবো অথচ ইরানকে দেবো না? এভাবে কাজ চলে না। ক্ষেপণাস্ত্র কোনো মূল সমস্যা নয়, এগুলো হয়তো ছোট কোনো এলাকায় আঘাত করতে পারে কিন্তু পুরো পৃথিবী ধ্বংস করে দেবে না।’

কূটনৈতিক আলোচনার সময় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ধরনের পরিবর্তন না করার বিষয়টিকে নিজেদের জন্য রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছিল ইরানি নেতৃত্ব। এর আগে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইসরাইল এবং পারস্য উপসাগরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান।

ইরান কেন এই সক্ষমতা ধরে রাখবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ‘আমরা ইরানিদের প্রায় ৮৪ থেকে ৮৫ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছি। বাকিগুলো মাটির নিচে এমনভাবে আছে যে ওরা সেগুলো বেরই করতে পারবে না।’

সূত্র : দ্য হিল