যুক্তরাষ্ট্র-ইরানের ২ মাসব্যাপী শান্তি আলোচনা শুরু শুক্রবার

যুক্তরাষ্ট্র ও ইরান তাদের দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত সমাধানে পৌঁছাতে আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে দুই মাসব্যাপী আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান তাদের দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত সমাধানে পৌঁছাতে আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে দুই মাসব্যাপী আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এদিকে হরমুজ প্রণালী আবারো জাহাজ চলাচলের জন্য খুলে দেয়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কর্মকর্তারা জানায়, একটি স্বাক্ষর অনুষ্ঠানের পরপরই চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা শুরু হবে এবং তা ৬০ দিন ধরে চলবে। এ সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া সঙ্ঘাত অবসান হবে এমন আশাবাদে ভাটা পড়েছে দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলার ঘটনায়।

এই হামলার পর ইরানের খাতাম আল-আনবিয়া সদর দফতর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইলকে ‘কঠোর জবাব’ দেয়া হবে।

অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের মাইফাদুন ও শোকিন এলাকায় তিনটি যানবাহনে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা যে এলাকায় অভিযান পরিচালনা করছিল, তার কাছাকাছি একটি সন্দেহজনক যানবাহনে হামলা চালানো হয়।

একইসাথে তাদের বাহিনী কয়েকটি রকেট প্রতিহত করেছে এবং একটি রকেট উৎক্ষেপণস্থল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

সূত্র: বাসস