ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ঘোষিত একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে যাচ্ছে। তবে এখনো নতুন করে শান্তি আলোচনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরইমধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান ‘যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি’ নিচ্ছে এবং ‘হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না’।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি করতে তিনি চাপের মুখে নেই।
একইসাথে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান সফর করবেন।
ট্রাম্প আরো বলেছেন, বুধবার মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হবে- এমন সম্ভাবনা ‘খুবই কম’।
উপসাগরীয় অঞ্চলে, রোববার ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রেখেছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে একে অপরকে দোষারোপ করছে দু’পক্ষই।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা।
সূত্র : বিবিসি


