হরমুজ প্রণালীতে ইরান কয়েকটি হামলা চালালেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সাথে দক্ষিণ কোরীয় একটি জাহাজে হামলার পর দেশটিকে চলমান অভিযানে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সম্ভাব্য হামলার বিষয়ে কোনো উল্লেখ করেননি।
এই পরিস্থিতিতে নড়বড়ে যুদ্ধবিরতি আরো চাপে পড়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে অগ্রসর হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জাহাজ চলাচল সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ট্রাম্প লিখেছেন, ‘জাহাজ চলাচল প্রজেক্ট ফ্রিডম নিয়ে ইরান সম্পর্কহীন দেশগুলোর ওপর কিছু হামলা চালিয়েছে। এর মধ্যে একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজও রয়েছে। সম্ভবত দক্ষিণ কোরিয়ার এই মিশনে যোগ দেয়ার এখন সময় এসেছে!’
তিনি আরো বলেন, ‘দক্ষিণ কোরীয় জাহাজ ছাড়া এই মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সাতটি ছোট সামরিক নৌযান ডুবিয়ে দিয়েছে।
এর আগে, এক মার্কিন অ্যাডমিরাল ছয়টি নৌযান ধ্বংসের কথা জানান।
তবে তেহরান এ ধরনের কোনো নৌযান ডুবিয়ে দেয়ার দাবি অস্বীকার করেছে।
সূত্র : বাসস



