ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) এ হামলা চালানো হয়।
সিভিল ডিফেন্স সংস্থা এক বিবৃতিতে বলেছে, গাজা শহরের পূর্বে আল-সামের এলাকায় একদল বেসামরিক নাগরিকের ওপর ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকাজুড়ে প্রতিদিন হামলা অব্যাহত রেখেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৬৬ জন নিহত এবং তিন হাজার ৪৪৫ জন আহত হয়েছেন।
স্থানীয় হিসাব অনুযায়ী, ইসরাইল গাজার প্রায় ৭০ শতাংশ ভূখণ্ডে তার দখলদারিত্ব প্রসারিত করেছে, যার ফলে ফিলিস্তিনিরা উপত্যকার ৩০ শতাংশেরও কম অংশে সীমাবদ্ধ হয়ে পড়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় শুরু হওয়া এই ইসরাইলি যুদ্ধে এ অঞ্চলের প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়া ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



