দক্ষিণ লেবাননজুড়ে শুক্রবার (৮ মে) ইসরাইলি হামলায় একজন উদ্ধারকর্মীসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।
এ দিনটিকে গত ২ মার্চ ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই পুনরায় শুরু হওয়ার পর থেকে অন্যতম প্রাণঘাতী দিন হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।
নিহতদের মধ্যে টায়ার জেলার তৌরা শহরে দু’টি বিমান হামলায় পাঁচজন নিহত হন, যেখানে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ এক কিশোরীর সন্ধান করছিল।
হাসবাইয়া জেলার কাফারচৌবা ও কাফারহামাম এলাকার মধ্যে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে বিন্ত জেবেইল ও নাবাতিয়েহ জেলায় হামলায় আরো বেশ কয়েকজন নিহত হন, এরমধ্যে আস-সুলতানিয়াহর চারজন রয়েছেন।
গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা এবং পরে তা ১৭ মে পর্যন্ত বাড়ানো সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই



