লেবাননে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৪

লেবাননে রোববার (২৬ এপ্রিল) ইসরাইলি হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩৭ জন।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

লেবাননে রোববার (২৬ এপ্রিল) ইসরাইলি হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিলেন।

পরে আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কর্মী ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ‘কামান ও বিমান হামলা’ চালিয়েছে। লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক আইডিএফ সদস্য নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন বলেও জানায় তারা।

আইডিএফ জানিয়েছে যে, হিজবুল্লাহ ইসরাইলের দিকে তিনটি ড্রোন পাঠিয়েছিল, যা সীমান্ত অতিক্রম করার আগেই ইসরাইলি বিমান বাহিনী প্রতিহত করেছে।

১৬ এপ্রিল এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যা গত বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহ উভয়ই একে অপরের ওপর হামলার কথা জানিয়েছে এবং একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।

সূত্র: বিবিসি