ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন প্রস্তাবিত শিল্প নীতি বা ‘মেইড ইন ইউরোপ’ প্রস্তাবের কড়া সমালোচনা করে চীন জানিয়েছে, এটি বাস্তবায়ন করা হলে তারা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।
গাড়ি, পরিবেশবান্ধব প্রযুক্তি ও ইস্পাতসহ কৌশলগত খাতে সরকারি তহবিল পেতে আগ্রহী সংস্থাগুলোর জন্য ইইউ গত মার্চে নতুন ‘মেইড ইন ইউরোপ’ বিধিমালা উন্মোচন করেছে। সে অনুসারে সংস্থাগুলোকে ইইউ-তে তৈরি যন্ত্রাংশের জন্য ন্যূনতম সীমা পূরণ করতে হবে।
এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকসেলারেটর অ্যাক্ট নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নের শিল্পখাতকে শক্তিশালী করা, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং সম্ভাব্য ব্যাপক কর্মসংস্থান সঙ্কট মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) জানায়, তারা গত শুক্রবার ইউরোপীয় কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে এবং এ প্রস্তাব নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। তাদের মতে, এটি ‘ব্যবস্থাগত বৈষম্য’ তৈরি করবে।
এক বিবৃতিতে চীন সতর্ক করে বলেছে, ‘ইইউ যদি এই আইন এগিয়ে নেয় এবং এর ফলে চীনা কোম্পানিগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিজেদের বৈধ অধিকার রক্ষায় চীন পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।’
দীর্ঘদিন ধরে ইউরোপীয় ব্যবসায়ীরা অভিযোগ করে আসছে, তারা চীনের ভর্তুকিপ্রাপ্ত কোম্পানিগুলোর সাথে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।
এই প্রস্তাবে বিদেশী কোম্পানিগুলোকে ইউরোপে ব্যবসা করতে হলে স্থানীয় প্রতিষ্ঠানের সাথে অংশীদার হতে এবং প্রযুক্তি ভাগাভাগি করতে বলা হয়েছে। যা বিশেষভাবে চীনের ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের লক্ষ্য করে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসে ইইউ-এ চীনা চেম্বার অব কমার্স জানিয়েছে, এই পরিকল্পনা সুরক্ষাবাদী নীতির দিকে ঝুঁকছে, যা ইইউ ও চীনের মধ্যে বাণিজ্য সহযোগিতায় প্রভাব ফেলতে পারে।
সূত্র: বাসস



