লেবাননজুড়ে মঙ্গলবার (১২ মে) ৫৯টি ইসরাইলি হামলায় দুই প্যারামেডিক ও একজন লেবানিজ সেনাসদস্যসহ ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন।
গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও এই হামলাগুলোর মধ্যে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণও অন্তর্ভুক্ত ছিল।
ইসরাইলি বিমান টায়ার জেলায় ২৩টি হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল টায়ার, আল-মানসৌরি, শ্রীফা, আরজৌন ও আল-বাজৌরিয়াহ।
জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কাফার দৌনিনে রাতভর একটি জনবসতিপূর্ণ বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। আহতদের টায়ারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাইর দেব্বায় এক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন এবং আল-মানসৌরিতে আরেকটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নাবাতিয়েহ জেলায় ১২টি হামলায় নাবাতিয়েহ এবং এর পার্শ্ববর্তী শহর জেবচিত ও দেইর আল-জাহরানিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
জেবচিতে একটি হামলায় লেবাননের এক সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন এবং দেইর আল-জাহরানিতে আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, নাবাতিয়েহতে একটি পৃথক হামলায় আহত এক ব্যক্তিকে উদ্ধারে চেষ্টারত একটি বেসামরিক প্রতিরক্ষা দলের ওপর হামলা চালানো হয়। এতে দু’জন প্যারামেডিক ও আহত বেসামরিক ব্যক্তি নিহত হন এবং এক নারী প্যারামেডিক আহত হন।
সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু অ্যাজেন্সি



