জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামতো প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে এবং এখনো হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, কর্তৃপক্ষ ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া আরো দু’টি মৃত্যুর তদন্ত চলছে, যা গত মঙ্গলবারের ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের কারণে ঘটেছে কি-না তা নির্ধারণ করার জন্য।
২১০টি আশ্রয়কেন্দ্রে নয় হাজার ২০০ জনেরও বেশি মানুষ অবস্থান করছেন। এই শক্তিশালী ভূমিকম্পে তিন হাজার ৪০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুমামতোতে ৬৯ হাজারেরও বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে ট্যাপের পানি পাওয়া যাচ্ছে না। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত চিকিৎসা কেন্দ্রগুলোও পুনরুদ্ধারের জন্য কাজ করছে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বরাবর অবস্থিত। বিশ্বের ৬ দশমিক বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প এ দেশে সংঘটিত হয়।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



