চীনে টাইফুন নউলের প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি

চীনে শক্তিশালী টাইফুন নউলের আঘাতে ক্ষয়ক্ষতি ও ফ্লাইট বাতিল; ৩ লাখ ৪০ হাজার মানুষ সরিয়ে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চীনে টাইফুন নউলের প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি
চীনে টাইফুন নউলের প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি |সংগৃহীত

চীনে শক্তিশালী টাইফুন ‘নউল’ রোববার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে। চলতি বছরে চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুন। এর প্রভাবে উপকূলজুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

টাইফুনের আশঙ্কায় আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় অফিস-আদালতের কার্যক্রম স্থগিত, রেল চলাচল বন্ধ এবং বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। রোববার সকাল পর্যন্ত অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের পিংহাই শহরের কাছে টাইফুনটি স্থলভাগে আঘাত হানে। শহরটি আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হংকং থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থলভাগে আঘাত হানার সময় টাইফুনটির কেন্দ্রের কাছাকাছি এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। এ কারণে এটিকে ২০২৬ সালে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে উল্লেখ করেছে সিসিটিভি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কে গাছপালা ও নানা ধরনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঝোড়ো হাওয়ায় ছোট ছোট স্থাপনাসহ একটি বাস্কেটবল পোস্টও ভেঙে পড়েছে।

টাইফুনের প্রভাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা-যাওয়ার অন্তত ৩৫০টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে।

পরিস্থিতির অবনতির কারণে হংকংয়ে রাতভর দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত ‘টি-৯’ জারি ছিল। তবে রোববার সকালে সেটি কমিয়ে ‘টি-৮’ সতর্ক সংকেত কার্যকর করা হয়।

হংকং অবজারভেটরি জানিয়েছে, ‘নউল’ ধীরে ধীরে গুয়াংডংয়ের অভ্যন্তরীণ এলাকায় অগ্রসর হচ্ছে এবং ক্রমেই দুর্বল হচ্ছে। তবে এখনো হংকংয়ের অনেক এলাকায় দমকা হাওয়া বইছে এবং উঁচু স্থানে মাঝেমধ্যে ঝড়ো বাতাসের দাপট অব্যাহত রয়েছে।

হংকং সরকার জানিয়েছে, টাইফুনের কারণে ১০০টির বেশি গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে এবং অন্তত ৯ জন আহত হয়েছেন।

সিসিটিভি আরো জানায়, স্থলভাগে আঘাত হানার পর টাইফুন ‘নউল’ চীনের অভ্যন্তরীণ এলাকায় অগ্রসর হতে পারে। এর প্রভাবে জিয়াংসি, হুনান ও হুবেই প্রদেশে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, টাইফুনের পরিস্থিতি মোকাবিলায় রোববার সকালে গুয়াংডং প্রাদেশিক কর্তৃপক্ষ দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জরুরি সাড়া দেয়ার ব্যবস্থা তৃতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।

সূত্র : বাসস

Topics