যুদ্ধবিরতি জোরদার করার প্রচেষ্টা সত্ত্বেও ইসরাইল শুক্রবার (৫ জুন) লেবাননে এক ডজন হামলা চালিয়েছে। এতে চারজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নাবাতিয়েহের দুয়াইর শহরে একটি ভবনকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় একজন নিহত এবং অন্য একজন আহত হন। হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায়।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, একই শহরে আরেকটি ইসরাইলি হামলায় তিনজন নিহত হওয়ায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে।
ইসরাইলি ড্রোন হাব্বুশ ও আব্বা শহরেও ধারাবাহিক হামলা চালিয়েছে। এতে একজন আহত হন। এই উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে কাফার রুমান, নাবাতিয়েহ আল-ফাওকা এবং চৌকিন ও মাইফাদুনের উপকণ্ঠে গোলাবর্ষণ করা হয়।
একই সময়ে হারুফ-তুল গোলচত্বরের আশপাশের এলাকায় একটি ইসরাইলি ড্রোন হামলা চালায়। এছাড়াও টায়ারের জাবাল আমেল হাসপাতালের কাছে একটি হামলায় ১২ জন আহত হন।
১৭ এপ্রিল থেকে কার্যকর থাকা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলাগুলো চালানো হয়, যা ওয়াশিংটন জুলাইয়ের শুরু পর্যন্ত বাড়িয়েছিল।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



