লেবাননে ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং তিনজন স্বাস্থ্যসেবা কর্মী আহত হয়েছেন। দেশটির স্থানীয় ও সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৬ মে) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মেফদৌন শহরে ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন এবং জাওতার আল-শারকিয়া ও জাওতার আল-ঘারবিয়ার মধ্যবর্তী এলাকায় অতিরিক্ত বিমান হামলা চালানো হয়েছে।
সংস্থাটি আরো জানায়, পশ্চিম বেকা অঞ্চলের জেলায়া শহরে একটি পৃথক হামলায় আরো দু’জন নিহত হয়েছেন এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
এর আগে, দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরাইলি হামলায় একজন নিহত ও তিনজন স্বাস্থ্যসেবা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়াও নাবাতিয়েহ জেলার আদশিত শহরে একটি পৃথক ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন।
গত ১৭ এপ্রিল ঘোষিত এবং ১৭ মে পর্যন্ত বর্ধিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে দুই হাজার ৭০২ জন নিহত ও আট হাজার ৩১১ জন আহত হয়েছেন। এছাড়াও ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



