আরো ৩ সপ্তাহ বাড়ল লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর লেবানন ও ইসরাইল তাদের যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লেবানন ও ইসরাইলের পতাকা
লেবানন ও ইসরাইলের পতাকা |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বলেছেন, হোয়াইট হাউসে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর লেবানন ও ইসরাইল তাদের যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়িয়েছে।

ইসরাইলি হামলায় একজন সাংবাদিকসহ কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার একদিন পর, ট্রাম্প ওভাল অফিসে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার জন্য ওয়াশিংটনে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদকে আমন্ত্রণ জানান।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। হিজবুল্লাহর হাত থেকে নিজেদের রক্ষা করতে লেবাননকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র তার সাথে কাজ করবে।’

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনায় উপস্থিত ছিল না। তারা বলেছে, দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের ‘প্রতিরোধ করার অধিকার’ রয়েছে।

ট্রাম্প আরো বলেন, তিনি অদূর ভবিষ্যতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আমন্ত্রণ জানানোর জন্য উন্মুখ হয়ে আছেন।

তিনি আশা করেন, তিন সপ্তাহের যুদ্ধবিরতির সময় নেতারা বৈঠকে বসবেন। ট্রাম্প বলেন, এ বছর দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে ওয়াশিংটনে নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে আলোচনার পর স্বাক্ষরিত এই যুদ্ধবিরতি রোববার শেষ হওয়ার কথা ছিল।

এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রয়েছে, যেখানে ইসরাইলি সেনারা একটি স্ব-ঘোষিত বাফার জোন দখল করেছে।

সূত্র: রয়টার্স