একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা সত্ত্বেও মঙ্গলবার (১৬ জুন) দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে চারজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন প্রথমে নাবাতিয়েহের মেইফদৌন শহরে একটি গাড়িতে আঘাত হানে। এরপর ঘটনাস্থলে বাসিন্দারা জড়ো হওয়ার সময় এলাকাটিতে আবারো হামলা চালানো হয়।
সংবাদ সংস্থাটি আরো জানায়, পরে একই শহরে দ্বিতীয় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। তারপর নিকটবর্তী শহর চৌকিনে একটি গাড়িতে তৃতীয় ড্রোন হামলা চালানো হয়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় চারজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
এনএনএ জানিয়েছে, ইসলামিক হেলথ অথরিটি, ইসলামিক রিসালা স্কাউট অ্যাসোসিয়েশন ও লেবানিজ রেড ক্রসের বেসামরিক প্রতিরক্ষা দলগুলো লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলো থেকে নিহত ও আহতদের সরিয়ে নিয়েছে।
গত ১৭ এপ্রিল থেকে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি ইসরাইল কর্তৃক ক্রমাগত লঙ্ঘনের মধ্যেই সর্বশেষ এই হামলাগুলো চালানো হয়েছে। এছাড়া লেবাননসহ সব রণাঙ্গনে হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও এই হামলা চালানো হয়।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইল ২ মার্চ থেকে লেবাননের ওপর আক্রমণ চালিয়ে আসছে, যার ফলে তিন হাজার ৮২৬ জন নিহত, ১১ হাজার ৮৫১ জন আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি


