যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ভেতরে থাকা (হামলার শিকার) শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয়স্বজন।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় আট শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।

লুইজিয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শ্রীভেপোর্টে এ ঘটনা ঘটে। শ্রীভেপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলটি বেশ বিস্তৃত, যা দুটি বাড়িজুড়ে ছড়িয়ে আছে। তিনি আরো বলেন, তদন্তকারীরা তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, যা এই অপরাধস্থলের অংশ।

বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ভেতরে থাকা (হামলার শিকার) শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয়স্বজন।

এই হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযুক্ত বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

বোর্ডেলন এ ঘটনাকে ‘পারিবারিক অস্থিরতা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমাদের বিশ্বাস, এসব স্থানে ওই ব্যক্তি একাই গুলি করেছেন।’

যুক্তরাষ্ট্রে নাগরিকদের সহজে আগ্নেয়াস্ত্র পাওয়ার সুযোগ থাকায় গুলি চালিয়ে হতাহত করাটা নিয়মিত ঘটনা। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষ বন্দুক হামলায় প্রাণ হারায়।

শ্রীভেপোর্টের মেয়র টম আর্সেনো সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করে বলেন, ‘শ্রীভেপোর্টের জন্য এটি একটি ভয়াবহ সকাল। আমরা সবাই ভুক্তভোগীদের জন্য শোকাহত।’

সূত্র : আল জাজিরা, বিবিসি।