ল্যাটিন আমেরিকার উপকূলে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌকায় গত দু’দিনে মার্কিন বাহিনীর দু’টি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে, এই বোমা হামলার অভিযানে নিহতের সংখ্যা বেড়ে এখন ১৯০ জনে দাঁড়িয়েছে।
মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, মঙ্গলবার (৫ মে) পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের’ একটি নৌকায় প্রাণঘাতী হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সাউথকম বলেছে, ‘নৌকাটি মাদক পাচারের পরিচিত রুট দিয়ে যাচ্ছিল এবং এটি সরাসরি মাদক পাচার কার্যক্রমের সাথে জড়িত ছিল।’
এই অভিযানে তিনজন পুরুষ ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত সোমবার ক্যারিবীয় সাগরে চালানো পৃথক এক হামলায় আরো দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সাউথকম।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, তারা ল্যাটিন আমেরিকায় সক্রিয় ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
তবে যুক্তরাষ্ট্র যাদের লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে, সেই নৌকাগুলো আসলেই মাদক পাচারের সাথে জড়িত কি-না, সে বিষয়ে কোনো অকাট্য প্রমাণ তারা এখনো দেয়নি। ফলে এই অভিযানের বৈধতা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
সূত্র: বাসস



