মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, বরং তার মিত্রদের আস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মিত্ররা মনে করছেন ইরানের সাথে সংঘাত কৌশলগত ব্যর্থতার দিকে এগোচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিত্র দেশগুলো আশঙ্কা করছে যে, ইরানে স্থায়ী কোনো পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতা এমন দুর্বলতাকে প্রকাশ করেছে, যা রাশিয়া ও চীন নিজেদের কৌশলগত সুবিধার জন্য কাজে লাগাতে পারে।
নিউইয়র্ক টাইমস আরো উল্লেখ করেছে, ইরানের বিরুদ্ধে অভিযানে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ গোলাবারুদও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
প্রতিবেদনের দাবি অনুযায়ী, ইরান আগের চেয়ে আরো দৃঢ় অবস্থানে রয়েছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়নি এবং হরমুজ প্রণালীর ওপর কার্যত তেহরানের প্রভাব বেড়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ই দুর্বল অবস্থানে পড়েছে এবং সঙ্কটের জন্য একে অপরকে দোষারোপ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ওয়াশিংটনের আচরণ বিশ্বব্যবস্থায় অনিশ্চয়তা তৈরির ধারণাকে আরো জোরালো করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্রদের আস্থা কমে গেছে এবং অনেক দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী বৈদেশিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।
প্রতিবেদনের শেষাংশে ইরানের সাথে সংঘাত ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সাথে তুলনা করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আবারো একটি দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধে পরাজয়ের মুখে পড়তে পারে।
সূত্র: পার্সটুডে



