ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১১৯

গত মাসে ভেনিজুয়েলায় আঘাত হানা পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। এখনো লাশ উদ্ধার অভিযান চলছে।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ভবন ধসে পড়েছে
ভেনিজুয়েলায় ভূমিকম্পে ভবন ধসে পড়েছে |সংগৃহীত

গত মাসে ভেনিজুয়েলায় আঘাত হানা পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবারের তুলনায় মৃতের সংখ্যা আরো ৫০ জন বেড়েছে।

গত ২৪ জুনে সংঘটিত ওই দুর্যোগের ২৪ দিন পর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়, পরপর দু’টি ভূমিকম্পে রাজধানী কারাকাস-সংলগ্ন উপকূলীয় অঙ্গরাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেনিজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন।

লা গুয়াইরায় ধসে পড়া কয়েক ডজন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনো লাশ উদ্ধার অভিযান চলছে। ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ভেনিজুয়েলা সরকার।

সূত্র: বাসস