যুক্তরাষ্ট্রের অহংকারে বড় ধাক্কা, দেশ নিয়ে গর্ব কমেছে রেকর্ড হারে

গ্যালাপ জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দেশ নিয়ে ‘অত্যন্ত গর্বিত’ নাগরিকদের হার গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। রাজনৈতিক বিভাজন ও তরুণদের মধ্যে কমে যাওয়া দেশপ্রেম এই পতনের মূল কারণ হিসেবে উঠে এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মার্কিন নাগরিকদের মধ্যে নিজেদের দেশ নিয়ে গর্বের অনুভূতি গত দু’দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। গ্যালাপের সর্বশেষ মতামত জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা আরটি মঙ্গলবার (৩০ জুন) জানিয়েছে, গত বছরের তুলনায় এবার ‘অত্যন্ত গর্বিত’ বলা মানুষের সংখ্যা এক ধাক্কায় আট শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তির ঠিক আগমুহূর্তে এই জরিপ মার্কিন আত্মতুষ্টিতে বড় এক আঘাত হানল।

জরিপ অনুযায়ী, মাত্র ৫৮ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক জানিয়েছেন তারা আমেরিকান হিসেবে ‘অত্যন্ত’ বা ‘খুব বেশি’ গর্বিত।

২০০১ সালে গ্যালাপ এই বিষয়ে জরিপ শুরু করার পর থেকে এটিই সর্বনিম্ন হার। এছাড়া ২২ শতাংশ মানুষ ‘মোটামুটি গর্বিত’, ১৫ শতাংশ ‘সামান্য গর্বিত’ এবং ৯ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন তারা মোটেও গর্বিত নন। গত বছরের তুলনায় এবার ‘অত্যন্ত গর্বিত’ বলা মানুষের সংখ্যা এক ধাক্কায় আট শতাংশ কমে গেছে।

গ্যালাপ জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যকার অভ্যন্তরীণ বিভেদের কারণেই মূলত এই ধস নেমেছে। রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভাবধারার মার্কিনীদের মধ্যে দেশ নিয়ে গর্বের হার অনেক কম। যেখানে ৭০ শতাংশ রিপাবলিকান নিজেদের আমেরিকান হিসেবে ‘অত্যন্ত গর্বিত’ মনে করেন, সেখানে স্বতন্ত্রদের ক্ষেত্রে তা ২৮ শতাংশ এবং ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার মাত্র ১৪ শতাংশ। দু’দলের মধ্যকার এই ৫৬ পয়েন্টের ফারাক মার্কিন রাজনীতির মেরুকরণকে স্পষ্ট করে।

রাজনৈতিক বিভেদের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যেও মার্কিনিদের এই অহংকার ভাঙার প্রবণতা দেখা গেছে। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ‘অত্যন্ত গর্বিত’ ভাবার হার ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ১৪ শতাংশে। আর ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে তা ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ শতাংশে। তবে ৫৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই হার ৪৮ শতাংশ, যা গত বছরের মতোই প্রায় অপরিবর্তিত। ১ থেকে ১৫ জুন পর্যন্ত পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ১,০০১ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই জরিপটি চালানো হয়।