২ বার গ্রেফতার হয়েছিলেন এফবিআই প্রধান কাশ প্যাটেল

প্রকাশ্যে মদ্যপান এবং জনসমক্ষে অশালীন কাজ করার দায়ে দুইবার গ্রেফতার হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান কাশ প্যাটেল।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান কাশ প্যাটেল
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান কাশ প্যাটেল |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান কাশ প্যাটেলকে নিয়ে এখন তোলপাড় চলছে ওয়াশিংটনে। সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, প্যাটেল তার ছাত্রজীবনে একবার নয়, বরং দু’বার গ্রেফতার হয়েছিলেন। প্রকাশ্যে মদ্যপান এবং জনসমক্ষে অশালীন কাজ (প্রস্রাব) করার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

২০০৫ সালে মিয়ামি-ডেড পাবলিক ডিফেন্ডার অফিসে চাকরিতে যোগ দেয়ার সময় জমা দেয়া একটি ব্যক্তিগত চিঠিতে প্যাটেল নিজেই এই লজ্জাজনক অভিজ্ঞতার কথা স্বীকার করেছিলেন।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটিতে আইন বিভাগে পড়ার সময় বন্ধুদের সাথে মদ্যপান করে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটেছিল। প্যাটেল সেই চিঠিতে লিখেছিলেন, তারা কয়েকজন বন্ধু মিলে স্থানীয় বারগুলোতে প্রচুর মদ্যপান করেন এবং ফেরার পথে ফুটপাতে প্রস্রাব করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই একটি পুলিশ ভ্যান এসে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং জনসমক্ষে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার করে।

এই ঘটনার আগে ২০০১ সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় চলাকালীনও একবার আইনি জটিলতায় পড়েছিলেন বর্তমানের এই ক্ষমতাধর গোয়েন্দা প্রধান। সে সময় তার বয়স ২১ বছর পার হয়নি, অর্থাৎ আইন অনুযায়ী মদ্যপানের বৈধ বয়স ছিল না। একটি বাস্কেটবল ম্যাচ চলাকালীন গ্যালারিতে দাঁড়িয়ে মাত্রাতিরিক্ত উল্লাস করার কারণে নিরাপত্তারক্ষীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান এবং পরে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মদ্যপানের দায়ে তাকে গ্রেফতার করা হয়।

যদিও প্যাটেল দাবি করেছিলেন যে, তিনি মাত্র দুই পেগ পান করেছিলেন, তবে আদালতের নথিতে তাকে অপরাধী সাব্যস্ত করে জরিমানা করা হয়েছিল।

২০০৫ সালের সেই চিঠিতে প্যাটেল তার এসব আচরণের জন্য ক্ষমা চেয়ে লিখেছিলেন যে, এসব বিচ্ছিন্ন ঘটনা তার সাধারণ চরিত্রের প্রতিফলন নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই পুরনো কঙ্কাল বেরিয়ে আসায় নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি।

কাশ প্যাটেলের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক শুধু পুরনো কাসুন্দিতেই সীমাবদ্ধ নেই। মার্কিন সাময়িকী ‘দ্য আটলান্টিক’-এর একটি সাম্প্রতিক রিপোর্ট প্যাটেলের মদ্যপানের অভ্যাস নিয়ে ভয়াবহ সব তথ্য সামনে এনেছে। সেখানে অভিযোগ করা হয়েছে যে, প্যাটেলের মাত্রাতিরিক্ত মদ্যপান এবং হুটহাট উধাও হয়ে যাওয়া তার সহকর্মীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমনকি গত বছর ওয়াশিংটন ও লাস ভেগাসের প্রাইভেট ক্লাবগুলোতে তার অতিরিক্ত মদ্যপানের কারণে গুরুত্বপূর্ণ সব ব্রিফিং পিছিয়ে দিতে হয়েছিল বলেও গুঞ্জন আছে।

সবচেয়ে নাটকীয় তথ্যটি হলো, একবার একটি রুদ্ধদ্বার কক্ষে প্যাটেলকে না পেয়ে তার নিরাপত্তাকর্মীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে, দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য সোয়াত বাহিনীর সরঞ্জাম পর্যন্ত চেয়ে পাঠিয়েছিলেন।

এসব অভিযোগকে চরিত্রহননের চেষ্টা হিসেবে দেখছেন কাশ প্যাটেলের মুখপাত্র এরিকা নাইট। তার মতে, এফবিআই প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগেই প্যাটেলের জীবন এবং অতীতের কার্যকলাপ কঠোরভাবে যাচাই করা হয়েছিল এবং তখনই তাকে এই পদের যোগ্য মনে করা হয়।

প্যাটেলের দাবি, তিনি দায়িত্ব পালনকালে কখনো মদ্যপ অবস্থায় ছিলেন না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এরই মধ্যে ২৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলাও করেছেন। গণমাধ্যমের সামনে প্যাটেল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যারা তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে, তাদের তিনি আদালতের কাঠগড়ায় দেখে নেবেন।

সূত্র: এনডিটিভি