আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সেসকা আলবানিজ
ফ্রান্সেসকা আলবানিজ |সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আদালতের নির্দেশের পর বুধবার (২০ মে) এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, আলবানিজের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা তালিকা থেকে তার নাম সরিয়ে নেয়া হয়েছে।

এর ফলে বৈশ্বিক আর্থিক লেনদেনে আরোপিত বাধাও উঠে গেল। আগে ওই নিষেধাজ্ঞার কারণে তিনি বড় ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার ও ব্যাংকিং লেনদেন করতে পারছিলেন না।

ইতালীয় নাগরিক আলবানিজ জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের অধীন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণের কঠোর সমালোচনা করে আসছিলেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জেলা জজ রিচার্ড লিওন আলবানিজের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার ওপর প্রাথমিক স্থগিতাদেশ দেন।

রায়ে লিওন বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা ‘সবসময়ই’ জনস্বার্থের মধ্যে পড়ে।

গত বছরের জুলাইয়ে আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সে সময় তিনি অভিযোগ করেন যে, আলবানিজ ‘প্রকাশ্যে ইহুদিবিদ্বেষ ছড়িয়েছেন, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমাদের প্রতি প্রকাশ্য অবজ্ঞা দেখিয়েছেন।’

ইসরাইলও তার বিরুদ্ধে একই অভিযোগ তোলে। তবে আলবানিজ তার বিরুদ্ধে আনীত ইহুদি বিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিযোগ তোলার ক্ষেত্রে সামনের সারিতে ছিলেন আলবানিজ।

তিনি বলেন, ‘৭ অক্টোবরের হামলায় নিহতরা ইহুদি হওয়ার কারণে নয়, বরং ইসরাইলের কর্মকাণ্ডের কারণে নিহত হয়েছেন।’

তার এমন বক্তব্যের পর তিনি আরো বিতর্কের মুখে পড়েন।

সূত্র: বাসস