মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সাথে চলমান আলোচনা ‘একটি চুক্তি বা ইরানের ওপর নতুন হামলার সন্ধিক্ষণে রয়েছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২০ মে) ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের সাথে সমঝোতা না হলে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যেতে পারে।
ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, পরিস্থিতি এখন ঠিক সীমারেখায় দাঁড়িয়ে আছে।’
তিনি বলেন, আমরা যদি সঠিক উত্তর না পাই, তাহলে খুব দ্রুত সবকিছু বদলে যাবে। আমরা (হামলার জন্য) পুরোপুরি প্রস্তুত।
ট্রাম্প আরো বলেন, ‘আমাদের সঠিক উত্তর পেতে হবে। আর সেটি হতে হবে শতভাগ সন্তোষজনক।’
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে আলোচনার সুযোগ দিতে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।
তবে এরপর থেকেই তিনি কখনো সমঝোতার আশাবাদ, আবার কখনো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন।
ট্রাম্প বলেন, ইরান সমঝোতায় এলে ‘অনেক সময়, শক্তি ও প্রাণ’ বাঁচবে।
তিনি বলেন, চুক্তি ‘খুব দ্রুত, কিংবা কয়েক দিনের মধ্যেও’ হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো জানান, মঙ্গলবার ইরানের ওপর পুনরায় হামলার নির্দেশ দেয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন তিনি। তবে উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে সেই হামলা স্থগিত করা হয়।
সূত্র: বাসস



