যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নর্থ ডাকোটার ডেমোক্র্যাট আইনপ্রণেতা লিজ কনমি নিহত হয়েছেন।
গত শনিবার ক্রিস্টাল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরেই এক ইঞ্জিনের বিচক্র্যাফট বিই-৩৩ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ৬৭ বছর বয়সী এই নারী রাজনীতিকের সাথে বিমানে থাকা পাইলটও প্রাণ হারিয়েছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে যে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে মাত্র দু’জন আরোহী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি একটি বনাঞ্চলে আছড়ে পড়ার সাথে সাথেই তাতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় আশপাশের গাছপালা ও ঘাস পুড়ে যেতে দেখা গেছে।
লিজ কনমি নর্থ ডাকোটা ডেমোক্র্যাটিক-ননপার্টিজান লিগ পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। তার মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের আবহাওয়া বিরাজ করছে। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তার চলে যাওয়া রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি।
নর্থ ডাকোটার গভর্নর কেলি আর্মস্ট্রং লিজ কনমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, লিজ অত্যন্ত যত্ন এবং সহমর্মিতার সাথে তার রাজ্য ও মানুষের সেবা করে গেছেন।
তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে গভর্নর এই ঘটনাকে একটি মর্মান্তিক বিয়োগান্তক হিসেবে বর্ণনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি হিসেবে স্মরণ করছেন।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে। প্রাথমিক অবস্থায় যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে বিমানটি বিস্ফোরিত হয়েছে, তা স্পষ্ট নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। ওদিকে ক্রিস্টাল বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও উড্ডয়ন পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেয়া হচ্ছে।



