প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের একটি নৌযানে হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
প্রশান্ত মহাসাগরে নৌযান চলাচল
প্রশান্ত মহাসাগরে নৌযান চলাচল |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত রোববার (২৬ এপ্রিল) ফের পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের একটি নৌযানে হামলা চালিয়েছে। এ হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

রোববারের এই হামলা সাম্প্রতিক মাসগুলোতে চালানো একই ধরনের বহু অভিযানের ধারাবাহিকতার অংশ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৮৫-এ পৌঁছেছে বলে বার্তাসংস্থা এএফপির হিসাবে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, হামলার শিকার নৌযানটি ‘সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত’ হচ্ছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, এটি পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল।

ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বর থেকে যে জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে সেগুলো মাদক পাচারের সাথে জড়িত থাকার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো প্রকাশ করেনি। এ কারণে এই অভিযানগুলোর বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এতে এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল না।

রোববার সাউথকম এক্সে এক বার্তায় জানিয়েছে যে, এই অভিযানে কোনো মার্কিন সামরিক সদস্য আহত হননি।

সূত্র: বাসস