বাণিজ্যমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর

প্রবাসে কর্মরত বাংলাদেশীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ সৎকারের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরো তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন |বাসস

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশী গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন এবং পরে তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, প্রবাসে কর্মরত বাংলাদেশীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ সৎকারের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরো তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পান।

এ সময় তিনি প্রবাসে কর্মরত সকল বাংলাদেশীর নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের পরলৌকিক শান্তি কামনা করেন।

উল্লেখ্য, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।