কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

‘বাংলাদেশের ব্যাপক অংশগ্রহণ দেশের আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হিসেবে অবস্থানকে তুলে ধরছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ প্যাভিলিয়ন কাঠমান্ডু বাণিজ্যমেলায় সবচেয়ে বড় আকর্ষণ
বাংলাদেশ প্যাভিলিয়ন কাঠমান্ডু বাণিজ্যমেলায় সবচেয়ে বড় আকর্ষণ |সংগৃহীত

কাঠমান্ডুতে আয়োজিত ‘দ্বিতীয় দক্ষিণ এশীয় বাণিজ্যমেলা ২০২৬’-এ বাংলাদেশ প্যাভিলিয়ন সবচেয়ে বড় আন্তর্জাতিক আকর্ষণ হিসেবে দৃশ্যমান হয়েছে। এতে দেশের ক্রমবর্ধমান রফতানি সক্ষমতা এবং দক্ষিণ এশীয় বাজারে বাণিজ্য সম্প্রসারণের চিত্র ফুটে উঠেছে।

বৃহস্পতিবার (৭ মে) নেপালের রাজধানী কাঠমান্ডুর ভৃকুটি মণ্ডপ প্রদর্শনী হলে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর আর্থিক সহায়তায় প্যাভিলিয়নটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে প্যাভিলিয়ন উদ্বোধন করেন। এ সময় নেপালের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেপালী দর্শনার্থী ভিড় জমায়, যা বাংলাদেশী পণ্য ও আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার প্রতি তাদের গভীর আগ্রহকে প্রকাশ করে।

২৪টি বাংলাদেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্যাভিলিয়নে রফতানিমুখী বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক (আরএমজি), চামড়াজাত পণ্য, পাটজাত দ্রব্য, হস্তশিল্প এবং পোশাক সামগ্রী।

স্টল পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ব্যাপক অংশগ্রহণ দেশের আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হিসেবে অবস্থানকে তুলে ধরছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে।

সম্ভাব্য ক্রেতা ও বিনিয়োগকারীদের সহায়তা এবং বাণিজ্য প্রসারের জন্য ইপিবি প্যাভিলিয়নের ভেতরে একটি তথ্যকেন্দ্রও স্থাপন করেছে। বাসস