পরিবহন সেবার বিপরীতে বিদেশে অর্থ প্রেরণ বা আউটওয়ার্ড রেমিট্যান্স সহজ করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৭ মে) এ সংক্রান্ত এক সার্কুলারে দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত সকল ডিলার ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিদেশে অর্থ প্রেরণ-সংক্রান্ত লেনদেন দীর্ঘদিন ধরে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ এবং এ সংক্রান্ত বিভিন্ন সার্কুলারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। পরিবহন সেবার বিপরীতে অর্থ প্রেরণ প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করতে বিদ্যমান নির্দেশনাগুলো সংশোধন ও সমন্বয় করে একত্রে প্রকাশ করা হয়েছে।
এর ফলে গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস-২০১৮ (জিএফইটি) এবং পরবর্তী সার্কুলারগুলোতে এ বিষয়ে থাকা নির্দেশনাগুলো বাতিল বলে গণ্য হবে। তবে জিএফইটি ভলিউম-২-এ থাকা মাসিক প্রতিবেদন সংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর ২০(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারের নির্দেশনাগুলো জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ সময়ের মধ্যে এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা এ সার্কুলারের সাথে সমন্বয় করে কার্যকর হবে।
এছাড়া ব্যাংকগুলোকে সার্কুলারের বিষয়বস্তু সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। বাসস



