দেশের বাজারে স্বর্ণেন দাম আরো কমেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন দেশের বাজারে স্বর্ণের দাম আবারো কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
স্বর্ণের দামের সাথে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তারপর ৬ জুন কমানো হয় ৫ হাজার ৪৮১ টাকা এবং ১০ জুন কমানো হয় ৬ হাজার ৫৯১ টাকা। মাসের শুরুতেই চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হলো ১৯ হাজার ৭৭১ টাকা।



