স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় দেশে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ পাঁচ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় দেশে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে স্বর্ণের দামের সাথে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম চার হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের চার হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের তিন হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দুই হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হবে।