স্কুল অফ দ্য নেশনের ওরিয়েন্টেশন

জুলাইয়ের চেতনায় নতুন প্রজন্মকে দেশ গড়ার আহ্বান

নয়া দিগন্ত ডিজিটাল

রাজধানীর বনশ্রীতে অবস্থিত অন্যতম ইংরেজি মাধ্যম বিদ্যাপীঠ স্কুল অফ দ্য নেশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল অফ দ্য নেশনের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর হাবিব কাইয়ুম ও প্রিন্সিপাল জেড. আর. এম. আশরাফ উদ্দিন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।

SON-03

ওরিয়েন্টেশন প্রোগ্রামের অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা জুলাই আন্দোলনে নাহিদ ইসলামের সাহসী ও প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরে। তারা জানায়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান এবং একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

জুলাই আন্দোলন নতুন প্রজন্মকে দেখিয়েছে—শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষার্থী নয়; জ্ঞান, সাহস, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে তারা দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্কুল অফ দ্য নেশনের শিক্ষার্থীরা জুলাইয়ের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে মানবিক, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করে।

SON-02

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। তাদের সৃজনশীল ও প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীলভাবে পথচলার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি।