রিহ্যাব নির্বাচন

আব্দুর রাজ্জাক ও এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সংবর্ধনা

ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টন লাইনে অনুষ্ঠিত এ সংবর্ধনাটিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

নয়া দিগন্ত ডিজিটাল

রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচনে জয়ী হওয়ায় বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নির্বাহী সদস্য ও আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং ফোরামের অ্যাডভাইজার ও হক হোম অ্যান্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো: এমদাদুল হককে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।

ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টন লাইনে অনুষ্ঠিত এ সংবর্ধনাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কবিরুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাক ও এমদাদুল হক তাদের যোগ্যতা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে শুধু রিহ্যাব নয় সমগ্র আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাদের এ বিজয় আমাদের কুষ্টিয়া জেলার জন্য গর্বের বিষয়।

ফোরামের মহাসচিব মহ: মনিরুজ্জামান বলেন, তাদের বিজয় প্রমাণ করে নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। তাদের অভিজ্ঞতা রিহ্যাবকে আরো স্বচ্ছ, আধুনিক ও জনমুখী সংগঠনে পরিণত করবে।

নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বলেন, এ বিজয় আমার একার নয়, এটি সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। আমি রিহ্যাবকে আরো শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিতে কাজ করবো।

ফোরামের উপদেষ্টা এমদাদুল হক বলেন, আমরা চাই রিহ্যাবের মাধ্যমে আবাসন খাতে স্বচ্ছতা, ন্যায্যতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হোক।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বৃহত্তর কুষ্টিয়া অফিস কল্যাণ ফোরামের সহ সভাপতি সঞ্জিত কুমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতিউর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুর রহমান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক রুহুল আমিন, বাংলাদেশ ফুড সেফটি অপারেটিভ সিনিয়র কনসাল্ট আইয়ুব হোসেন, নারীর উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, মো: তৌহিদুজ্জামান, উপ-পরিচালক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।