দেশের পেশাদার গলফের উন্নয়ন, প্রচার-প্রসার ও সম্প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টি স্পোর্টস এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) জলসিঁড়ি গলফ ক্লাবে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ।
বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এবং টি স্পোর্টসের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব তানভীর উল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সিফাত আহমেদ চৌধুরী, জলসিঁড়ি গলফ ক্লাবের সিইও ও জিএম, টি স্পোর্টসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিপিজিএ-এর কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের পেশাদার গলফের প্রচার-প্রসার, বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও খেলোয়াড়দের কার্যক্রমকে অধিকতর দর্শকের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে।
এছাড়া, ভবিষ্যতে দেশের গলফের সার্বিক উন্নয়নে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করবে।



