ব্যাংকিং খাতে সুষম তারল্য অবস্থা বজায় রাখা এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘ওপেন মার্কেট অপারেশনস সম্পর্কিত নির্দেশিকা’ কার্যকরের তারিখ পুনর্নির্ধারণ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিএমডি) পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আগে গত ২৬ ফেব্রুয়ারি জারি করা ডিএমডি সার্কুলার লেটার নম্বর-০২ এর মাধ্যমে ‘গাইডলাইনস ফর ওপেন মার্কেট অপারেশনস’ জারি করা হয়েছিল, যা ৩ মে ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে ওই গাইডলাইনের কার্যকারিতা তারিখ পরিবর্তন করে চলতি বছরের ১ জুন পুনঃনির্ধারণ করা হয়েছে।
এতে আরো বলা হয়, তারিখ পরিবর্তন ছাড়া সার্কুলারে বর্ণিত অন্যান্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
নতুন নির্ধারিত তারিখ থেকে গাইডলাইন কার্যকর হলে ব্যাংকিং খাতে তারল্য ব্যবস্থাপনা আরো কার্যকর ও গতিশীল হবে বলে বাংলাদেশ ব্যাংক আশা করছে। বাসস



