দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, স্নেহাশীষ বড়ুয়া, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, মো: সাজেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।
বৈঠকে ডিএসই প্রতিনিধিদল পুঁজিবাজার উন্নয়ন ও আধুনিকায়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবগুলোর উদ্দেশ্য হলো দেশের পুঁজিবাজারকে আরো কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে উন্নীত করা।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধার সময়সীমা বৃদ্ধি, স্যাটেলমেন্ট সাইকেল টি+২ থেকে টি+১-এ রূপান্তরে সহায়তা, ডিএসই’র বিভিন্ন তফসিলি ব্যাংকে সংরক্ষিত এফডিআর ও এসএনডি হিসাবের অর্থ ধাপে ধাপে নগদায়নের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বিদেশী বিনিয়োগকারীদের জন্য এনআইটিএ হিসাব প্রক্রিয়া সহজীকরণ, আইপিও ও বন্ড মার্কেটভিত্তিক পুনঃমূলধনীকরণ ব্যবস্থা, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট উন্নয়ন, সুকুক লেনদেন চালু এবং স্টক এক্সচেঞ্জের জন্য সিআইবি রিপোর্ট অ্যাক্সেস সুবিধা নিশ্চিত করা।
ডিএসই প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
প্রতিনিধিদল আশা প্রকাশ করে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, বাজারে তারল্য ও দক্ষতা উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন আর্থিক বাজার ব্যবস্থা গড়ে উঠবে। বাসস



