দেশের বাজারে স্বর্ণের দাম আবারো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমে এখন দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২ জুন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। ফলে দু’দফায় মোট ৮ হাজার ৭৪৮ টাকা কমলো স্বর্ণের দাম।
নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমে হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।



