বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায়। যা গতকাল সোমবার (৪ মে) এ দাম ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ মূল্যহ্রাস করা হয়েছে। নির্ধারিত নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারিত আছে।
আন্তর্জাতিক বাজারে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সঙ্ঘাত শুরুর পর সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও সম্প্রতি তা কমতে শুরু করেছে।
বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে। এর আগে, জানুয়ারির শেষে এ দাম ছিল ৫ হাজার ২০০ থেকে ৫ হাজার ৫৫০ ডলার।



