বাণিজ্য সম্প্রসারণে আলিবাবা-বিসিসিসিআই সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিসিসিআই-এর পক্ষে সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এবং ‘আলিবাবা ডট কম’-এর পক্ষে মেইদাও টেক্সটাইল টেকনোলজি কোং লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশে ‘আলিবাবা ডট কম’-এর প্রতিনিধি ওয়াং জি চুক্তিতে স্বাক্ষর করেন।

নয়া দিগন্ত অনলাইন
বিসিসিসিআই
বিসিসিসিআই |সংগৃহীত

ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ‘আলিবাবা ডট কম’-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ডিজিটাল বাণিজ্যে সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বৈশ্বিক বাজারে প্রবেশাধিকারের সুযোগ সম্প্রসারণ করাই এ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রধান লক্ষ্য।

বিসিসিসিআই-এর পক্ষে সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এবং ‘আলিবাবা ডট কম’-এর পক্ষে মেইদাও টেক্সটাইল টেকনোলজি কোং লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশে ‘আলিবাবা ডট কম’-এর প্রতিনিধি ওয়াং জি চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তা, রফতানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো ‘আলিবাবা ডট কম’-এর প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা বৈশ্বিক বাজারে উপস্থাপন করতে, আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সংযোগ স্থাপন করতে এবং ডিজিটাল মার্কেটপ্লেসে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবে।

এই অংশীদারিত্বের আওতায় ‘আলিবাবা ডট কম’ বিসিসিসিআই সদস্যদের জন্য উন্নত সুবিধা ও বিশেষ সহায়তা দেবে, যার মধ্যে থাকবে প্ল্যাটফর্ম সেবায় অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার, ব্যবসায়িক পরামর্শ সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বাজার সম্প্রসারণে সহায়ক বিশেষায়িত সমাধান।

এছাড়াও, বিসিসিসিআই সদস্যরা ই-কমার্সের সর্বোত্তম চর্চা, রফতানি প্রস্তুতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও দিকনির্দেশনাসহ বিভিন্ন সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রমের সুবিধা পাবেন। বাসস