স্বর্ণের দাম বৃদ্ধি, সকাল থেকেই কার্যকর ঘোষণা

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
স্বর্ণের দাম বৃদ্ধি
স্বর্ণের দাম বৃদ্ধি |সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একইভাবে ২১ ক্যারেটের ভরি ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সমন্বয় আনা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকাল ১০টা থেকে স্বর্ণের দাম একই পরিমাণে কমানো হয়েছিল। অর্থাৎ দাম কমানোর ২৪ ঘণ্টার মধ্যেই আবারো একই হারে বাড়ানো হলো।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেটের ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১১৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৫৮ টাকা বাড়িয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।