নয়াপল্টনের শ্রমিক সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

নয়া দিগন্ত অনলাইন
নয়াপল্টনে  জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা মঞ্চে উপস্থিত হন। সমাবেশ ঘিরে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। কর্মসূচিতে পুরুষের পাশাপাশি কর্মজীবী নারীদেরও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সমাবেশে আমান উল্লাহ আমান, আমিনুল হক, হাবিবুর রশিদ হাবিব ও সালাহউদ্দিন টুকুসহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

উত্তরখান থানা শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী বলেন, সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের জীবনমানের উন্নতি হচ্ছে না। বিএনপিই শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে বলে তিনি দাবি করেন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বৈরী আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এতে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অংশ নেন।