জামায়াতের কর্মীরা ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছে : নূরুল ইসলাম বুলবুল

দুর্নীতির শিকড় উপড়ে দিতে না পারলে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। সরকারের স্বদিচ্ছা ব্যতীত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এজন্য রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগাতে সরকারের স্বদিচ্ছার প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল এমপি
বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল এমপি |নয়া দিগন্ত

চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘জামায়াতে ইসলামীর কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর কর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি।’

মঙ্গলবার (১২ মে) রাতে জামায়াতে ইসলামী পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আওয়ামী লীগ আমাদের ওপর যত জুলুম নির্যাতন করেছে আমরা ততই কৌশল পরিবর্তন করে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আন্দোলনের কর্মসূচি দিয়ে জামায়াতে ইসলামীর নেতারা পালিয়ে যায়নি। ফাঁসির মঞ্চে গিয়েছে তবুও ফ্যাসিবাদের সাথে আপস করেনি।’

তিনি বলেন, ‘শুধুমাত্র ফ্যাসিবাদের নীতি মেনে না নেয়ার কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। পাঁচ শতাধিক নেতাকর্মীকে খুন, গুম করেছে। লাখ-লাখ নেতাকর্মীকে হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একেবারে গ্রামের ওয়ার্ড পর্যায়ের অফিসগুলোও আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমাদেরকে জনগণ থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন করা যায়নি, যাবে না।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও নিরাপত্তা চায়। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়।’

এমপি বলেন, ‘দুর্নীতির শিকড় উপড়ে দিতে না পারলে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। সরকারের স্বদিচ্ছা ব্যতীত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এজন্য রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগাতে সরকারের স্বদিচ্ছার প্রয়োজন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মঞ্জরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও মো: এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কাদের ভুঁইয়া, ওমর ফারুক, সাইয়েদ যুবায়ের শান্ত, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা এনামুল হক শামীম, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন, মোহাম্মাদ আল-আমীন রাসেল, শরিয়ত উল্লাহ্, আব্দুল মতিন ও মোকছেদুল রুপম, থানা মজলিসের শুরা সদস্য আক্তার হোসেন, মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমীন, আরিফুল ইসলাম, ওসমান আলী প্রমুখ। এছাড়াও সমাবেশে পল্টন থানার সকল সাংগঠনিক ইউনিট দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।