সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ইন্তেকাল

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোশাররফ হোসেন এবং কয়েক দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন |সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন।

বুধবার (১৩ মে) সকাল ১০টা ৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার বড় ছেলে সাবেদুর রহমান সুমু সংবাদমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ মিরসরাইয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোশাররফ হোসেন এবং কয়েক দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন।