রাজধানীর শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এআই-জেনারেটেড একটি ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে সহিংসতা, হুমকি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র সমালোচনা করে নেতৃদ্বয় বলেন, একটি সম্পাদিত স্ক্রিনশটকে কেন্দ্র করে শিক্ষার্থী মাহমুদকে হত্যার হুমকি দেয়া, তার আবাসিক কক্ষে গিয়ে খোঁজাখুঁজি করা এবং পরবর্তীকালে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তাকে আটকে রাখা এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও নিন্দনীয়।
তারা উল্লেখ করেন, ভুক্তভোগীর জিডি গ্রহণ না করে বরং হয়রানি করা হয়েছে, যা নাগরিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।
বিবৃতিতে আরো বলা হয়, পরিস্থিতি দেখতে থানায় গেলে ডাকসু নেতা এ বি জুবায়ের ও এবিএম মোসাদ্দেকের ওপর হামলা চালানো হয়। থানার ভেতরে ‘মব’ তৈরি করে এ হামলা সংঘটিত হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি।
এবি পার্টির নেতারা বলেন, ইতোমধ্যে ফ্যাক্ট-চেকিংয়ে প্রমাণিত হয়েছে যে সংশ্লিষ্ট ফটোকার্ডটি ভুয়া। সেক্ষেত্রে ভুক্তভোগীর থানায় জিডি করার অধিকার ছিল। কিন্তু একটি গুজবকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দেয়া এবং আইন নিজের হাতে তুলে নেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ আরো বলেন, শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি গণমাধ্যমের প্রতিবেদক হামলার শিকার হয়েছেন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। সমিতি এ ঘটনাকে ‘মব হামলা’ হিসেবে আখ্যা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এবং দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ তিন দফা দাবি জানিয়েছে।
এবি পার্টির নেতারা সতর্ক করে বলেন, যদি ছাত্ররাজনীতি গুজবনির্ভর ও সহিংসতার পথে পরিচালিত হয়, তবে তা শুধু শিক্ষাঙ্গন নয়, পুরো রাষ্ট্রব্যবস্থার জন্য ক্ষতিকর হয়ে উঠবে। গুজব, সহিংসতা ও মব-সংস্কৃতি প্রশ্রয় পেলে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হবে এবং অগণতান্ত্রিক শক্তির পুনরুত্থানের পথ তৈরি হবে।
এবি পার্টির দাবি-
১. ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
২. ভুক্তভোগী শিক্ষার্থী ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. থানার ভেতরে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।



