ডিসেম্বরে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে : পর্যটনমন্ত্রী

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বৈঠক
পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বৈঠক |সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এইচ ই মি উনো ইয়োশিমাসার সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্য উদ্বোধনের তারিখ সামনে রেখে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম দ্রুত শুরু করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এ কার্যক্রম শুরু করতে জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) আগামী মাসের মধ্যেই দরপত্র দাখিল সম্পন্ন হওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি জনগণের জন্য উন্মুক্ত করতে তিনি জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। একইসাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উন্নয়ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-এর একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বাসস