দেশে সাংবাদিকদের ওপর হামলা, প্রাণনাশের হুমকি ও আইনি হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। গত জুলাই মাসে ৩৯টি পৃথক ঘটনায় ৫০ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল প্রাণনাশের হুমকির ঘটনা, আর মোট ঘটনার ৯১ দশমিক ৪ শতাংশই ঘটেছে জেলা ও উপজেলা পর্যায়ে।
শনিবার (১ আগস্ট) মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট (মিড) প্রকাশিত জুলাই ২০২৬ মাসের সাংবাদিক নির্যাতন পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ৩৯টি পৃথক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নির্যাতনের শিকার হয়েছেন ৫০ জন সাংবাদিক।
ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল প্রাণনাশের হুমকি। মোট ১৯টি ঘটনায় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা মোট ঘটনার ৪৮ দশমিক ৭ শতাংশ।
এ ছাড়া ১১টি শারীরিক হামলার ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার ২৮ দশমিক ২ শতাংশ। আইনি হয়রানি বা মামলার ঘটনা ছিল ছয়টি (১৫ দশমিক ৪ শতাংশ)। পাশাপাশি গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার তিনটি ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার ৭ দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখতেই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে প্রাণনাশের হুমকি। একই সঙ্গে হামলা, মামলা ও অন্যান্য হয়রানিমূলক কর্মকাণ্ডও উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সাংবাদিক নির্যাতনের মোট ঘটনার ৯১ দশমিক ৪ শতাংশই জেলা ও উপজেলা পর্যায়ে সংঘটিত হয়েছে, যা মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



