রাজনীতি থেকে অবসর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিকৃতি ঘটিয়ে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সময় টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো অভিযোগ করে নয়, বরং বয়স এবং স্বাস্থ্যগত কারণে বিএনপির পরবর্তী কাউন্সিলের পর অবসরের ইচ্ছার কথা জানান।
এই বক্তব্যকে বিকৃত করে, ‘যেখানে আমার মতামতের কোনো মূল্যই দেয়া হয় না। সেখানে থেকে আমি কী করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’ এমন বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রাজনীতি থেকে অবসর নেয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। মূলত, সময় টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বয়স এবং স্বাস্থ্যগত কারণে বিএনপির পরবর্তী কাউন্সিলের পর অবসরের ইচ্ছার কথা জানান।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। সূত্র : বাসস



